"অনিশ্চিত অপেক্ষা"

“অনিশ্চিত অপেক্ষা”
-কৃষ্ণেন্দু দাস, জুন’ ২০১৫ ইং
এই তো আর একটু, আর একটু পরেই আলো ফুটবে চারিদিকে
শঙ্খচিলের দল আবার উড়ে যাবে দিগন্তের ওপারে,
আবার শুরু হবে নতুন একটি দিন, নতুন স্বপ্ন আর সম্ভাবনার দিন।
আমার ভেতরের বোধশক্তি তবুও মানতে চায়না কিছু…
অবুঝের মত আবারো বলে-
আর কত সময় দেরী?
তখন আবারো কেউ বলে ওঠে, “আর একটু ধৈর্য ধর”...
সামনেই তোমার জন্য অপেক্ষা করছে অনেক বিষ্ময়!
তবুও সময় যেন কিছুতেই ফুরোতে চায়না, শুধু বয়েই চলে।
দীর্ঘ পথ চলতে চলতে আমার পা ক্লান্তিতে ভেঙ্গে পড়তে চায়,
প্রবল তৃষ্ণায় গলা শুকিয়ে হয় কাঠ,
ক্লান্তিতে বিধ্বস্ত হবার আগ মুহূর্তেই আবার কেউ বলে-
“আর একটু এগিয়ে যাও সামনে”… তারপর শেষ হবে ক্লান্তি।
আমার ভেতরকার সবটুকু প্রানশক্তি এক করে আমি আবার উঠে দাঁড়াই,
আমি আবারো অব্যাহত রাখি আমার সামগ্রিক চেষ্টা,
আবার দেখি অদেখা সব নতুন স্বপ্ন…
সময় শুধু বয়েই চলে তার নিজস্ব ধারাবাহিকতায়।
আমি ক্লান্ত চোখ মেলে আবার তাকাই সামনে,
কিছুই চোখে পড়েনা আমার। সব অদৃশ্য…
প্রচন্ড হতাশায় আমি চিৎকার করে উঠি,
তখন আবার সে বলে- “কাছাকাছি এসে হতাশ হলে চলে?”
আর তো সামান্যই…. আমি আবারো অপেক্ষা করি,
রাত্রি ভোর হবার অপেক্ষা, নতুন সময়ের অপেক্ষা,
গন্তব্যে পৌছাবার অপেক্ষা, অনাগত ভবিষ্যতের অপেক্ষা।
আসলেই হয়তো আর একটু, আর একটু গেলেই তারপর……

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ