"বিস্মৃত অক্টোবর"

"বিস্মৃত অক্টোবর"
ভেবেছিলাম এইবারে ভুলেই যাব তোমাকে-
সেই কবেকার কথা, কোন এক অক্টোবরের শিশিরস্নাত শিউলী ফোঁটা সকালে,
নতুন সূর্যের লালচে আলোর আভায় তোমায় প্রথম দেখা।
রাজ্যের বিষ্ময় নিয়ে একবারই তাকিয়েছি তোমার চোখে।
সেই সে অপলক চোখ, দৃশ্যপট থেকে কবে জানি উধাও হয়ে গেছে।
এরপর আমি কষ্ট দেখেছি,
বিবর্তন দেখেছি, সুখ দেখেছি। দেখেছি সুরম্য প্রাসাদ থেকে শুরু করে জীর্ণ কুড়েঘরের জীবন,
আমি অনেক মানুষকে জীবনের সাথে লড়তে দেখেছি। দেখেছি হারিয়ে যেতে অজানায়।
এরপর, ঘুরেফিরে আরো অনেক অক্টোবর এসেছে। কিন্তু বহুকাল আগের সেই তোমাকে আজও ভুলে যাওয়া হয়নি।
হায়, ঠিক তেমনই আছি আমি।
তুমি যাবার পরের এই আট বছরে এতটুকু বদলে যাইনি।
অথচ, সময় তো বসে নেই।
আট বছরে পৃথিবী তার নিজ অক্ষে ২৯২০ বার ঘুরে ফেলেছে।
পৃথিবীতে এসেছে কত শত পরিবর্তন, আর আমার পরিবর্তন বলতে শুধু দু’একটা চুল হয়েছে সাদা আর চোখে উঠেছে মোটা কাচের চশমা।
এতদিনে তুমিও হয়তো ছাত্রী থেকে হয়েছ গৃহিনী। আর আমি?
কই ভালোই তো আছি।
টিনের চালে শিশিরের শব্দে এখনও আমার ঘরে রাত্রি ভোর হয়।
এখনও আমি অবিসংবাদী, কিংবা
বেপরোয়া এক কবি।
তুমি বলেছিলে সব ছেড়ে এবার সংসারী হতে।
কিন্তু হতে পারলাম কই...........
-কৃষ্ণেন্দু দাস বাপ্পী।।
জানুয়ারী-২০১৭।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ