"নির্জনে আমি"

“নির্জনে আমি”
যে আমি অধীর হয়েছি প্রতীক্ষায় প্রগৈতিহাসিক মহাযুগ ধরে-
জং ধরা লোহা-লক্কড় আর বুনো ঘাসফুলের নির্মোহ আলিঙ্গনে,
সে বলেছিল একদা চুপিসারে নিভৃত আঁধারের জোনাকি’র মতো;
দেখা হবে, কথা হবে, ইতিহাস বদলের পরে।
একফালি বাঁকা চাঁদ নীল আলো ফেলেছিল ইলিশের ঝাঁকে-
নোঙ্গরের দড়ি ছিড়ে ভেসেছিল কিছু নাও জোয়ারের টানে,
আমরাও ছিলাম, ছিল কিছু অনুভূতি, অলিখিত অবেলার ফাঁকে।
তারপর কেটে গেল কত শত বেলা, শামুকের খোল ভেঙ্গে শাস খেতে
ভীড়ে গেল ঝাঁকবাঁধা হাসেদের মেলা।
রাত নামে নিভৃতে বিষাদের ছায়া হয়ে মাঝি’দের বিলে;
মনে নিয়ে প্রত্যয়, ভাব আর ভালোবাসা-
লিখেছি যে অলিখিত অধ্যায়; এক হয়ে তুমি আমি মিলে।
স্বপ্নকে ছুটি দিয়ে ফিরে গেল গাঙচিল অতঃপর মনে নিয়ে ব্যাথা;
আকাশের কালো রং মুছে গেল-
সারা রাত চুপি চুপি শুনলাম রাতজাগা তারা’দের কথা।।
কৃষ্ণেন্দু দাস, পৌষ,১৪২৩ বঙ্গাব্দ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ