"বিকেলের মেঘ"

“বিকেলের মেঘ”
শরতের আকাশের শ্বেত-শুভ্র মেঘ দেখে- আমার তৃষ্ণার্ত চোখদুটি যখন আচ্ছন্নতার আবেশে অভিভূত,
ঠিক তখনই তোমায় দেখেছি।
তোমার খয়েরী পাড়ের লালচে শাড়ীতে
নিস্প্রভ প্রজাপতির ডানার মত লুটিয়ে পড়া বাতাস যখন এলোমেলো করে দিয়েছিল আমার চুল-
তখনই আমি মুগ্ধ হয়েছি।
আমার মুগ্ধ চোখের উজ্জ্বলতা এরপর ঠিকরে গিয়ে প্রতিফলিত হয়েছে তোমার আয়ত কালো চোখে-
আমার দুর্নিবার আকর্ষণে তখন তুমি তন্ময়, তারপর…………….
দুজনের একাত্মতায় ভেসে যাওয়া
কোন বিহঙ্গের মত অজস্র নীলের মাঝে-
কিংবা খরস্রোতা নদীর বুকে পাল তুলে ছুটে চলা নৌকার মাস্তুলে বাঁধা নোঙ্গর হয়ে ডুবে যাওয়া সীমাহীন অতলে…. এবং- অবশেষে শেষ বিকেলের ভাঙ্গা ভাঙ্গা মেঘেদের ভীড়ে
সূর্যস্নাত ধূসর আকাশ হয়ে-
ফিরে আসা নিজের কাছে,
আপন স্বত্ত্বায়- যখন তুমি নেই।
যখন তুমি ফিঁকে দৃষ্টির শেষ সীমানায় অনাগ্রহে দাঁড়িয়ে,
শরতের আকাশের শ্বেত-শুভ্র মেঘেদের মত………
----------------------------- কৃষ্ণেন্দু দাস, (পহেলা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ