"বিস্মৃতি" প্রথম পর্ব

“বিস্মৃতি”- (১ম পর্ব)
-কৃষ্ণেন্দু দাস, ২৪/০৩/২০১৫ ইং।
শেষবার কবে যে তোমায় দেখেছিলাম, ঠিক মনে নেই।
শুধু মনে পড়ে- খুব উৎকন্ঠা আর এক ধরনের তীব্র আগ্রহ নিয়ে-
আমি বসেছিলাম সারাটা সকাল।
আমার ভাঙ্গা জানালার গায়ে নতুন সূর্যালোকে দুটো চড়ুই পাখি
অবিরাম লুটোপুটি খাচ্ছিল,
এরপর সময়ের দীর্ঘ পরিক্রমায় দুপুরে নামল বৃষ্টি।
তখন আমি অস্থির, প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে তোমায় হয়তো
অভিশাপ দিতেই যাচ্ছিলাম…
তুমি এলে শেষ বিকেলে, তখন বৃষ্টিরা থেমে গেছে,
চড়ুই পাখিরাও হয়েছিল উধাও।
শুধু প্রতীক্ষায় ব্যাকুল হয়ে-
একমাত্র আমিই ছিলাম…
শেষবার কবে যে তোমায় দেখেছিলাম, ঠিক মনে করতে পারিনা।
ভেবেছিলাম হয়তো ভুলেই যাব সেই সব স্মৃতি,
তবুও মনে পড়ে- তুমি এসেছিলে সেদিন সবুজ রঙের শাড়ী পরে,
কপালে ছিল লালচে খয়েরী টিপ।
আমার ভীষণ ইচ্ছে ছিল তোমাকে বলেই ফেলি-
“তুমি এতটা সুন্দর কেন?”
আর একটু সাহস পেলে হয়তো
কথাটা তোমাকে বলেই দিতাম।
কিন্তু সেই সাহস আর হয়নি,
তোমাকে বলাও হয়নি কথাটা।
আমার অনেক ইচ্ছে ছিল তোমার চুলে একটু হাত বুলিয়ে দিতে,
সেটাও হয়ে ওঠেনি। সেদিন আমি শুধু তাকিয়ে ছিলাম-
তোমার আয়ত গভীর কালো চোখের দিকে…
শেষবার তুমি চলে যাবার পর,
পার হয়ে গেছে অনেক দিন।
ভেবেছিলাম হয়তো ভুলেই যাব তোমায় এতদিনে,
কিন্তু আজও ভুলে যাওয়া হয়নি।
হয়তো এটাই আমার ভালোবাসা, কিংবা হয়তো
এটা শুধুই বিস্মৃতি……. (অসমাপ্ত)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ