"আলোকিত সকাল"

“আলোকিত সকাল”
দীর্ঘ এক নিরবিচ্ছিন্ন ক্লান্তিকর কিছু ঘনীভূত আঁধারের পর
সমগ্র চরাচর উদ্ভাসিত হল নতুন আলোর প্লাবনে,
পৃথিবীর একপৃষ্ঠে আজ শুভক্ষণের সূ্র্য্যস্নান।
সহস্র-কোটি বছরের মত আড়মোড়া ভেঙ্গে গাছেদের পাতায় পাতায়-
সালোকসংশ্লেষনের এক নতুন শিহরন, এই তো শুরু।
প্রকৃতিও বরাবরের মত তার রহস্যময়তার আরো এক পরত খুলতে তৎপর,
এরপরেই জেগে ওঠা এক নতুনের আহবানে, নতুন স্বপ্ন, নতুন সৃষ্টি কিংবা-
আরো কোন নতুনত্বের অপেক্ষায় সবাই তাকিয়ে।
আর আমিও আরো একটি বার নিজেকে খুঁজে পেতে পা বাড়াই সামনে,
শুধু আমিই কেন, ওই যে ঠোটে খড় নিয়ে উড়ে চলা ছোট্ট পাখিটা-
তার গন্তব্যের মাঝেও অনবদ্য কোন নতুনের হাতছানি।
তারপর হয়তো এক সময় ক্লান্ত হয় সবাই, স্তিমিত হয় প্রকৃতির আয়োজন
সূর্য্যের তীব্রতায় অতিষ্ট হয়ে সবাই চায় বিশ্রাম,
জলাশয়ের খোঁজে ছুটে চলে হরিণ শাবক, শেষ হয় পথিকের পথচলা।
সবাই হৃদয়ে গভীর ব্যগ্রতায় প্রশ্নবিদ্ধ করে নিজের স্বত্ত্বাকে-
আবারো কি আসবে একটি নতুন সকাল……যে সকালে নিত্যদিনের মত
জেগে উঠে হাত বাড়াব উষ্ণ চায়ের কাপে, আবার কি দেখতে পাব আরো একটি নতুন দিন
হয়তো পাবোনা জানি, তবে আজকের সকালের এই উচ্ছাসটুকু কিছুতেই হারাতে চাইনা।
কেন না, এটাই আমার দেখা সজীব এক নতুন সকাল,
কিংবা হতে পারে এটাই হয়তো শেষ। কে জানে.....
---------------------------------------------
কৃষ্ণেন্দু দাস, নভেম্বর ২০১৬ ইং

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ