"কালপুরুষ"

“কালপুরুষ”
নিঃসঙ্গ আঁধারি রাত্রি,
নীশিথের মায়াবী আবেষ্টনীর মাঝে তারা’দের কথোপকথন।
অপূর্ণতার বেলাভূমিতে যেন হাজারো শতাব্দীর নীরবতা নিয়ে-
দাঁড়িয়ে আমি কলঙ্কিত কালপুরুষ।
দু’চোখের সবটুকু তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছি অজানার পানে,
নিজের হারানো স্বপ্নকে ফিরে পাবার প্রতীক্ষায়…
তবুও ফিরে আসেনা কিছুই, ফিরে আসেনা কেউ,
শুধু ফিরে ফিরে আসে হতাশা আর সীমাহীন কষ্ট।
এভাবেই কেটে যায় সপ্তাহ, মাস, বছর…
আমার বাড়ির উঠোনের লতানো গাছে বাসা বাঁধে পাখি,
চারটে ফুটফুটে বিড়াল ছানা লাফিয়ে চলে আপন মনে,
পৃথিবী তার কক্ষপথে নিয়মিত ঘুরে চলে।
আর আমি… আমিও নিজেকে আর একটু নতুন করে ফিরে পাবার স্বপ্নে বিভোর হয়ে থাকি।
কিন্তু আবারো আমায় নিরাশ হতে হয়…
এরপর ক্রমশই আসে রাতজাগা নিরাশার আঁধার,
লোড-শেডিং এর রাতে আমার দেশলাই জ্বালা ঘরে-
নেমে আসে সীমাহীন আঁধারের বিপর্যয়।
ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে সারাটা রাত্রি পুকুর ঘাটে বসে থাকি।
আমায় ঘিরে থাকে ঘনীভূত আঁধারের নিকষ কালো আবেষ্টনী,
আকাশের জেগে থাকা শেষ তারাটি সঙ্গী হয় আমার।
সহস্র বার হারিয়েও এক মুহূর্তের জন্যে নিজেকে আনমনে ফিরে পাই আবার-
আমি সেই কোন অজানা কালের গর্ভে নিজের অস্তিত্ব হারানো
অভিশপ্ত এক কালপুরুষ….
-কৃষ্ণেন্দু দাস, এপ্রিল -১৫।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ