বিবৃতি

"বিবৃতি"
আমার শৃঙ্খলিত হাত ধরে টেনে নিয়ে যখন কাঠগড়ায় দাঁড় করানো হল- তখন আমি নির্বাক,
ঠিক যেন কেতাদুরস্ত কোন কর্মচারী ভুলক্রমে বাজারের ব্যাগ ফেলে সংকুচিত চিত্তে স্ত্রী'র মুখোমুখি। বিচারকক্ষে তখন লোকারণ্য,
সময় তখন কতই বা হবে-
বড়জোর সাড়ে দশটা।
বাইরের পান-বিড়ির দোকানে দুই- একজন গল্পে খুব মগ্ন...
বিচারক এইনিয়ে আমাকে দ্বিতীয় বারের মত জিজ্ঞাসা করলেন, "তবে কি আপনি সব অপরাধের দ্বায় স্বীকার করছেন"?
আমি আকাশ পাতাল ভেবেও কোন কূল পেলাম না।
কিসের দ্বায়, কোন অপরাধে আমি অভিযুক্ত...
আমি তো মানুষের মুক্তির কথা বলেছি, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি দৃঢ় পদক্ষেপে।
অন্যায় কে পাল্টে দিতে চেয়েছি ন্যায়ের মানদন্ডে, যারা ঘৃণার সংশ্রবে লিপ্ত হয়েছিল- বেসেছি তাদের ভাল। আমার এই কলম ধরা হাতে তুলেছি অস্ত্র, বলেছি মানুষের মুক্তির কথা, শোষণের বিরুদ্ধে করেছি বিপ্লব...
অকষ্মাত হাতুড়ির শব্দে কেঁপে উঠল সমস্ত কামরা-
বিচারক অধৈর্যের মত বলে উঠলেন বিকট গলায়- আপনি স্বীকার করছেন আপনার অপরাধ?
আমি মৃদু হেসে স্পষ্ট গলায় শুধু উচ্চারণ করলাম- "পৃথিবীর মানুষ বৈষম্য ভেঙ্গে জেগে উঠুক সম অধিকার নিয়ে"।
-কৃষ্ণেন্দু দাস//২৭ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ