আমি হিমু

"আমি হিমু"
একটু পরেই উড়ে যাবে পাখি-
ফেলে রেখে সব খেলা;
সারা পৃথিবীর আলো নিভে গিয়ে নামবে আঁধার বেলা।
এসেছিল যারা, চলে যাবে সব- আপন ভূবনে ফিরে;
ছোট তরী নিয়ে বসে রব একা
ময়ূরাক্ষীর তীরে।
সকল রহস্য প্রকাশিত হবে, মনে জমা ছিল যত-
বিচিত্র হাসি হেসে যাব সুখে
মহাপুরুষের মত।।
একলা জীবনে দুঃখ বেদনা
নিভৃতে গেছি সয়ে;
হাজার বছর হেঁটে গেছি পথে-
জীবনানন্দ হয়ে।
হলুদ পোশাকে ঢেকে নিয়ে দেহ;
পকেট রেখেছি ফাঁকা-
পূর্ণিমা রাতে কত যে দেখেছি
নিঝুম শহর ঢাকা।
আদেশ দিয়েছে মোর কারিগর
পিতৃব্য যিনি গুরু;
সব ফেলে তাই ফিরিয়া এসেছি-
যেখানে হয়েছে শুরু।
ময়ূরাক্ষীতে নৌকায় চড়ে
ভেঙ্গে গেল সব ভুল;
মনে পড়ে গেল বাদল দিনের-
প্রথম কদম ফুল।
ভুলেছি ঠিকানা হারিয়েছি স্মৃতি;
আমি যে এখন একা,
চান্নিপশর রাত্তিরে দেবে-
সেই কারিগর দেখা।
ভরা বর্ষনে এই নদী আজ
কেমনে যে হব পার;
হুমায়ূন স্যার, দেখে যান এসে-
আমি হিমু আপনার।।
-(কৃষ্ণেন্দু দাস বাপ্পী//আগষ্ট'২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ