ঘরে ফেরার কথা

"ঘরে ফেরার কথা"
চৈত্রদিনের বিমর্ষ এক বোবা বিকেল- পড়ন্ত সূর্য্যের ফিঁকে আলোয় নেই গোধূলীর স্নিগ্ধতা।
আমার বুকের গভীরে খুব বেশি উষ্ণ আর দৃঢ় কাঁপুনি; আজ বাড়ি যাচ্ছি আমি....
ছায়াহীন, তৃষ্ণার্ত মরুর শুষ্কতা অবিরত ধূলো ছড়িয়ে আগলে রেখেছে আমার চলার পথ;
যেইপথে হেঁটে গেছি আমি আজন্ম শৈশব ধরে-
খুব বেশি মনে পড়ে পশ্চিমের মাঠে নতুন জোয়ারে নৌকা ভাসানোর কথা; সন্ধ্যাবেলা যার দুলুনিতে আচ্ছন্ন হয়ে দেখেছি মেঘেদের ফাঁকে একফালি চাঁদ আর একাকী সন্ধ্যাতারার অপূর্ব সহাবস্থান।
অতঃপর, কথায় কথায় রাত্রি হয়েছে গভীর; শেয়ালের হাঁক শুনে চমকে উঠে দেখেছি-
আবছায়ায় ঘেরা আমার বাড়ির উঠোন, উঠোনের পাশে বেতঝোঁপ... আহাঃ কতদিন মায়ের হাতের রান্না সর্ষে ইলিশ খাইনি;
আমার সমস্ত বেলা অবেলা আজ যেন ত্রয়োদশীর চাঁদ হয়ে পূর্ণতার প্রতীক্ষায় ত্রস্ত।
হঠাৎ গাড়োয়ানের কথা আর গরুর গাড়ির চাকার শব্দে ফিরে আসি বাস্তবে, ওই তো-
সামনেই অস্পষ্ট হয়ে চোখে পড়ে সেই বটতলার মোড়, চায়ের দোকান।
আর খানিকটা পথ হাঁটলেই আমার বাড়ি; যেখানে ফিরছি আমি....
(-কৃষ্ণেন্দু দাস// ২রা- চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ