অলেখা প্রহরে

"অলেখা প্রহরে"
সূর্যের পশ্চিমে হেলেপড়া; আর সন্ধ্যার আঁধারে সমগ্র চরাচর ঢেকে যাবার মধ্যকার অন্তর্বর্তীকালীন কোন এক অলেখা প্রহরে-
লিখতে বসেছিলাম তোমাকে... যে কথা সহস্র দ্বিধার অবয়বে ঢেকে রেখে, কখনও বলা হয়নি তোমায়।।
প্রথম আষাঢ়ের নবধারা জলের মত আমার অপরিনত শুদ্ধতম প্রেম,
যা ছায়াহীনতার তপ্ত শুষ্কতায় একদা হয়েছিল নিঃশেষ।।
এরপর কেটেছে কত অগুনতি বেলা, নিজেকে আরো একটু গুছিয়ে নেবার প্রচেষ্টায় আমার ক্লান্তির ঘাম বিন্দু বিন্দু ভালবাসা হয়ে ঝরেছে তোমার নামে। এক সময় ফাগুনে কৃষ্ণপক্ষ হয়ে হারিয়েছে সব রং,
হারিয়েছি আমি নিজেকে অনবদ্য এক অদেখা আভিজাত্যে।।
দিন, মাস, বছর পেরিয়ে এই জীবনে শীতের কুয়াশা হয়ে অতঃপর পৌড়তার চাদরে ঢেকে গেছে যৌবনের এক একটি দিন। অথচ, আজও হয়নি শেষ আমার অলিখিত চিঠি,
আজও অপ্রকাশিত আমার অব্যক্ত সব বোবা অনুভূতি।।
অদৃষ্টের অভিধানে নতুন নতুন শব্দ হয়ে এখনও যুক্ত হয় আমার অসমাপ্ত জীবনের চলমান প্রক্রিয়া,
অনুভূতি গুলো অস্পষ্ট হয়ে প্রতীক্ষা করে সূর্যের পশ্চিমে হেলে পড়া আর সন্ধ্যার আঁধারে পৃথিবী ঢেকে যাবার মধ্যকার অন্তর্বর্তীকালীন এক অলেখা প্রহরের জন্যে।।
-কৃষ্ণেন্দু দাস,// পহেলা আষাঢ়,, ১৪২৪ বঙ্গাব্দ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ