শূন্যতা

"শূন্যতা"
স্বপ্নভঙ্গের চারণভূমিতে কতিপয় অবেলার অপমৃত্যু;
নগ্নতার আঁধারে যখন পরিব্যাপ্ত সারাটা পৃথিবী-
সেই ক্ষণে পূনর্জন্মের মোহে ফিরে আসা নষ্ট জীবনের অবাঞ্চিত ফ্ল্যাসব্যাকে।
সেই জীবন; কল্পিত কৈশোরে নিরুদ্বেগ ঘোড়সওয়ার হয়ে ছুটে চলা শূন্যতার অভিযানে।
চোখের সামনে থেকে একের পর এক দ্রুত হারিয়ে যাওয়া তথাকথিত সাফল্য আর সময়;
হাতের মাঝে সিগারেট লুকিয়ে নিঃশব্দে পথচলা; কিংবা সন্ধ্যার আলোয় ষ্টেশানে শত মানুষের হৈ-হট্টগোল, অথবা শীতের বিকেলে ভৈরবের পাড়ে পাখিদের নির্ণিমেষ ডানার শব্দ।
সমস্ত কিছুই আজ আশ্রিত দুঃস্বপ্ন, মনেহয় গোটা জীবনটাই ছিল এক অভিশপ্ত বিষ্ময় !! আর আজ;
শেকল খোলা পায়ে কোথায় এসে দাঁড়িয়ে এই আমি...
যেখানে নেই লোকালয়; নেই ঘরে ফেরা পাখির ডানায় শেষ রৌদ্রের ঝিলিক।
চারিদিকে শুধু জমে আছে এক অস্পষ্ট অন্তহীন সময়,
স্বপ্ন কিংবা মৃত্যুর টানাপোড়েন এখন জন্ম দেয়না এতটুকু উৎকন্ঠার।
শুধু অনুভূতিগুলো হয় বধির; অন্ধকারে নির্ঘুম যাপিত চোখদুটো কেবল বোবা দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকে অসীমের পথে;
যেখানে ঘিরে আছে কিছু শীতলতার ব্যাবচ্ছেদে মৃত্যুর পরবর্তী উপাখ্যান।
যেখানে আছে দুঃস্বপ্ন আর অকথিত একরাশ শূন্যতা।।
-কৃষ্ণেন্দু দাস// আগষ্ট, ২০১৭।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ