নতুন দিনের ফাগুন

"নতুন দিনের ফাগুন"
চেতনায় রঙ ছড়ানো আকাশে ফাগুনেও ধুলিমেঘে সয়লাব-
ঝঢ় উঠবে উঠবে করেও বসে আছে, না জানি কার প্রতীক্ষায়...
স্কুলের ঘন্টা পড়তে বোধহয় খুব বেশি দেরী নেই, পিতার হাতের টানে বাধ্যতামুলক অগ্রসরগামী শিশুটির চোখে মুখে তাই হয়তো অলিখিত বেদনা।
জেলা আদালতে উপচে পড়া ভীড়, হয়তো বায়েস্কোপের মাঠেও এত ভীড় হয়নি কদাপি।
তবে সেই মানুষটির চেহারা অভিব্যক্তিহীন- যার আজ ফাঁসির দন্ডাদেশ পাবার কথা,
যেন কিছুতেই আর কিছু যায় আসেনা এমন ভঙ্গীতে কলেজ স্ট্রীটের মোড়ের বড় লিচু গাছটির নীচে- একজোড়া ছেলে-মেয়ে হাত ধরে দাঁড়িয়ে।
নাহ্, শেষ পর্যন্ত বুঝি বৃষ্টি নামবেনা.. অনেক স্বপ্ন, সাধ, ভাবনা আর ভালোবাসার মাঝে আবার একটি ফাল্গুন। প্রকৃতি তার নিজস্ব স্বত্ত্বার মাঝে আরো খানিকটা বন্য মাদকতা ছড়িয়ে দিতে ব্যতিব্যাস্ত,
যেন নতুন সৃষ্টির আনন্দে মুখরিত হয় চরাচর। সেইফাঁকে সবার অলক্ষে নিজ অক্ষে আরো একপাঁক ঘুরে যায় পৃথিবী,
শৃঙ্খলের গুটি কেটে আকাশে পাখা মেলে সদ্যজাত রঙিন প্রজাপতি, বসন্ত ছড়িয়ে যায় গাছের পাতা থেকে পাখির গানে, সেখান থেকে মানুষের হৃদয়ে।।
-(কৃষ্ণেন্দু দাস, ১লা ফাল্গুন)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ