পুনশ্চঃ অভিপ্রায়

"পুনশ্চ অভিপ্রায়"
স্বপ্নের অভিলাসে আর ক'টা দিন
তারপর নিভে যাবে আলো;
জীবনের ছায়াপথে চলমান দিন শেষে;
ঢেকে দেবে চরাচর-
নিঃসীম আঁধারের কালো।।
বৈশাখী ঝঢ় এলে হারাবে সকল স্মৃতি
ভেঙ্গে যাবে প্রকৃতির খেলা;
নতুন সূর্যস্নানে
আড়মোড়া খুলে দিয়ে-
আসবে নতুন দিন;
শুরুহবে নবরূপে
নতুন এক জীবনের মেলা।
আবার জন্ম নেব ধূসর এই পৃথিবীতে-
আষাঢ়ের স্রোতে ভেসে,
কত শত মহাযুগ পরে;
ধ্রুপদী নৃত্য হয়ে ভাদ্রের বৃষ্টিতে
সেদিনও থাকব আমি-
গ্রামের মাটির কোন ঘরে।
শরতের রাত এলে
নীলচে আলোর মাঝে, জেগে রব সারারাত; একঝাঁক জোনাকীর ভীড়ে।
হাঁসের ডানার মাঝে একফোঁটা জল হয়ে;
হেমন্তে ঝরে যাব-
ভৈরব নদীটির তীরে।
তোমার শাড়ীতে আমি বাসন্তী রঙ হব; পৌষের কাকডাকা ভোরে,
মাঘমাস এলে পরে
সোনালী ফসল হয়ে;
ছড়িয়ে থাকব আমি- তোমার ঐ
আঙিনার পরে।
ফাল্গুনে ফুল হয়ে
সাঁজাব তোমার খোঁপা
মনে যদি রাখ অভিমান;
চৈত্রের শেষরাতে
একা কোন রাস্তায়
দাঁড়িয়ে থাকব আমি-
হাতের মুঠোয় নিয়ে প্রান।।।
-কৃষ্ণেন্দু দাস/ আগষ্ট, ২০১৭।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ