অভিমানী মা

"অভিমানী মা"
আমি খুব ছোট তখন-
কত বয়স হয়েছিল আমার? আট, নয়, কিংবা অতিজোর আর একটু বেশি। জামার ভুল ঘরে বোতাম এঁটে, ভেজা বই-খাতা নিয়ে ঘরে ঢুকতে একটুও অস্বস্তি হয়নি আমার সেদিন,
ছিলনা মায়ের হাতে ধরা পড়ার ভয়। মাকে হারিয়েছিলাম আমি তারও অনেক আগে।
আষাঢ়ের প্রবল বৃষ্টির রাতে- দমকা বাতাস যখন নিভিয়ে দিত কুঁপি,
সবার অলক্ষ্যে মুছে নিতাম ছোট্ট চোখ দুটো... ব্যাঙেদের কোলাহল থেমে গেলে- নিঝুম রাতের বাতাসে একটি আর্তনাদে মিশে যেত আমার দীর্ঘঃশ্বাস- মা তুমি কই?
আজ হয়তো অনেকটা দিন ফেলে এসেছি পিছে, তবুও শিরীষ গাছের আড়ালে যখন উঁকি দেয় চাঁদ,
দূরের অবছায়ায় যখন চোখে পড়ে ত্রিশ বছর আগেকার বাতিঘরে জ্বলে থাকা ম্যাড়মেড়ে আলো..
তখন বুকটা ভারী হয় আমার,
কোন এক অজ্ঞাত টানে।
বিষন্ন সুরে ডেকে রাতের বাতাসে শীষ কেটে উড়ে যায় রাতজাগা পাখি, আলো ফোঁটে পূবের আকাশে, অনবদ্য ব্যাগ্রতা ফোঁটে চীরচেনা পৃথিবীতে। ফিরে ফিরে আসে সব; একদিন নতুনের টানে। শুধু তুমিই আস না মা- জানিনা, আমায় ভুলে গেলে কোন্ অভিমানে।
(-কৃষ্ণেন্দু দাস, মার্চ-২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ