বিমূর্ত ল্যান্ডস্কেপ

"বিমূর্ত ল্যান্ডস্কেপ"
প্রায় অনুভূতিহীন শূন্যতার নিখাদ রাহুগ্রাস থেকে চুপিসারে, ক্লান্ত বিধ্বস্ত দেহটিকে সরীসৃপের দক্ষতায়-
একটু একটু করে যখন টেনে টুনে নিয়ে এসে পৌছেছি- আঁধার কাটেনি তখনও,
তথাপিও অগুনতিবার জাল ছেড়া মাকড়শার ধৈর্য্যটুকু বুকে আগলে নিয়ে অধীর হয়েছি প্রতীক্ষায়,
এক চিলতে আলো- আর একটুখানি উষ্ণতার ছোঁয়া পাবার বাসনায়।
কিন্তু কোথায় আলো, কোথায় আমার কল্পনার তুলিতে আঁকা সেই শুদ্ধতম ভালোবাসার বিমূর্ত ল্যান্ডস্কেপ... চারিপাশে তিল তিল করে সঞ্চিত ঘন কালো নিকশ আঁধারের পুরু দেওয়াল তার যোজনব্যাপী হিংস্র কালো থাবায় অবরুদ্ধ করে রেখেছে আমার পায়ে চলা পথ।
এই অশক্ত দেহে প্রানের চাঞ্চল্য এখন প্রায় নিঃশেষ, শুধু একবুক জ্বালাময় ধৈর্য্য আর অতৃপ্তির বঞ্চনাকে এই রুগ্নদেহে পরজীবী করে আজ অবধি ঠায় দাঁড়িয়ে রয়েছি বিভীষিকাময় অন্ধকারের মাঝে সম্পূর্ন একাকী হয়ে। কারন-
আমি জানি, আটপৌরে শাড়িতে মুখ লুকিয়ে- হাতে টিমটিমে আলোর মাটির প্রদীপ নিয়ে কেউ একজন আসবে,,
রাত্রি পোহাবার অনেক আগে....
-(কৃষ্ণেন্দু বাপ্পী/ পহেলা ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ