প্রতিবিম্ব

"প্রতিবিম্ব"
আয়নার ওপাশে দাঁড়ানো মানুষটির দিকে আমি তাকিয়ে ছিলাম বহুক্ষণ ধরে-
সে কি আমি; নাকি অন্য কেউ। নিজেকে আমি দেখিনি কখনও; অন্যেরা যদিও দেখেছে, তবে ভ্রু কুঞ্চিত চোখে। আমার তাই অদ্যাবধি জানা হয়ে ওঠেনি-
আমি ঠিক কেমন দেখতে।
আমি খুব সতর্ক চোখে; মনের সবটুকু হীনমন্যতা আর ব্যাগ্রতা কে দূর করে আবার তাকাই আয়নার দিকে।
সামনে দাঁড়ানো মানুষটিকে কেমন জানি বিষণ্ণ মনেহয়;
তবে তার স্থির চোখ দুটোর মাঝে কোন দুঃখবোধ নেই।
খুব শান্ত আর সমহিত চোখে- যেন সে রাজ্যের সমস্ত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে আমার চোখে।
আমি মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকি, সে কি সত্যিই আমি !!
আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি- তার ধূসর এলোমেলো চুল;
চিবুকের মাঝে ছোট্ট কালো তিল আর নিষ্কম্প ঠোটদুটো,
যেখানে মৃদু হাসি লেগে আছে তখনও।
মানুষটিকে যথেষ্ট হাসিখুশি আর দৃঢ়প্রত্যয়ী মনেহয় আমার।
অথচ- আমার মাঝে তো সেসব বৈশিষ্ট ছিলনা কখনও;
যার জন্যে সবার দৃষ্টিভঙ্গীর কাছে মাথা হেঁট করে হীন হয়ে থেকেছি চীরদিন।
অথচ, আয়নার সামনে দাঁড়ানো এই মানুষটি অনেক শাশ্বত আর স্বচ্ছ;
ঢের স্বপ্নে উদ্ভাসিত তার মুখ-চোখ;
তবে সে কি আমি?
নিশ্চয়ই না।
সে হয়তো অন্য কেউ।।
-কৃষ্ণেন্দু দাস// আগষ্ট,২০১৭।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ