স্বপ্নহীন শূন্যতা

"স্বপ্নহীন শূন্যতা"
ভুলে ভরা জীবনের সামগ্রিক চাহিদা আর প্রাপ্তির হিসেব নিকেশ মেলাবার ব্যাস্ততার মাঝে-
হঠাৎ কখন যে দু'চারটা চুল সাদা হয়ে গেছে; বুঝতেই পারিনি।
যখন বুঝতে পেরেছি, সময় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের পথে...
আমার প্রাপ্তির ঝোলায় তখন অসমাপ্ত জীবনের অলিখিত পান্ডুলিপি।। ট্রেনের কামরার কোলাহল, টিনের চালে বৃষ্টির উন্মাদনা, প্রেয়সীর আঁচল থেকে লুকিয়ে দশ টাকা হাতিয়ে নেবার গর্ব.. সবকিছুই বড় বেশি ঝাঁপসা লাগে।
দু'কামরার রং চটে যাওয়া দেয়ালের ঘরে গভীর রাত্রে লোড শেডিং হলে; যখন বিছানায় হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজে ফিরি- বড় বেশি অসহায় মনেহয় নিজেকে।।
বয়স বাড়ার সাথে সাথে নিঃসঙ্গতা বোধটা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে, আজকাল জীবনের অর্থ নিয়েও ভাবা হয়না। সবকিছু বড় বেশি স্থবির,
বড় বেশি শান্ত।
দু'চোখে দিগন্তবিস্তৃত শুন্যতা আর রাজ্যের ক্লান্তি নিয়ে এখন অষ্টপ্রহর ধরে তাকিয়ে থাকি- বহুদূরের অজানায়, নির্নিমেষ আঁধারের পানে....
-কৃষ্ণেন্দু দাস।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ