স্টেশনে সন্ধ্যা

"ষ্টেশানে সন্ধ্যা"
স্টেশানে সন্ধ্যার জমাট বাঁধা আঁধারে বিমর্ষ সাড়ে চার ঘন্টা;
ট্রেন বুঝি আজকেও লেট।
আষাঢ়ের দ্বিধান্বিত বৃষ্টি একটু পর পর জানান দিচ্ছে তার সর্বগ্রাসী অস্তিত্ব, ভেজা শার্ট গায়ে; হাতে ছাতা নিয়ে আমি বসে আছি ট্রেনের অপেক্ষায়। কতদিন পর আবার দেখব তোমায়!! সত্যিই আসবে তো তুমি...
জানিনা কেন আজ তোমায় খুব বেশি অচেনা মনেহয়; হয়তো তোমার পৃথিবী আজ ঘুরে চলে অন্য কাউকে ঘিরে। দিন বদলের এইদিনে আমি নিজেও অনেকটা বদলে নিয়েছি নিজেকে, চোখের দৃষ্টির মত অনুভূতিগুলো হয়েছে খানিকটা ঝাঁপসা,
ছোট অফিসের দুই পয়সার কেরানী হয়েও আজ আমার মন তেমনই বড়; যেমনটি ছিল বছর দশেক আগে। আজও আমার মাঝে সেই আগেকার উৎকন্ঠা; যে উৎকন্ঠা ছিল সেই সময়- যখন সাইকেল নিয়ে বিশ্বনাথ স্কুলের সামনে বসে থেকেছি বহুদিন; অপেক্ষায় অধীর হয়েছি শুধু একটি বার তোমাকে দেখব বলে,
অতঃপর তোমায় দেখতে পাবার উচ্ছাসে আবার ফিরে গেছি নিজের ভূবনে। অথচ তোমাকে বলা হয়নি কিছুই কোনদিন, তাই তুমি আজও থেকে গেছ খুব বেশি অচেনা হয়ে। ক্ষতি কি; নাইবা জানলে আমার নীরব ভালবাসা।। আমার দুরত্বে মোড়া ভালবাসাই অনেক বেশি শুদ্ধ নিজের কাছে, আর তাই আজ এই শেষ বেলায় স্টেশানে সাড়ে চার ঘন্টার প্রতীক্ষা, হয়তো আজ আসবে তুমি.....
-কৃষ্ণেন্দু দাস বাপ্পী।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ